১৫ ঘণ্টা পর সিলেটের পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ৩:০০:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রায় ১৫ ঘণ্টা দুর্ভোগের পর সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।
তিনি বলেন, আমরা এই কর্মসূচি প্রত্যাহার করলাম। যাবতীয় পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংকলরি, এলপিজি—সবগুলার ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা, এসপি সাহেব, সবার সহযোগিতায় আমাদের ফলপ্রসূ আলোচনা হইছে। এবং আশা করি ভবিষ্যতে ইলাহান কোনো ঘটনা যদিও ঘটে, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করমু। আর আমি সবাইকে অনুরোধ করমু—আমরা পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, এলপিজি, ট্যাংকলরি সবগুলা খুলিয়া দেওয়ার জন্য অনুরোধ করিয়ার। আপনারা সবাই পাম্প খুলে দেন, আমরা স্যাটিসফাইড ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চাই না ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে। আমরা কষ্ট পাইলে আমরা কষ্ট দিব।
এর আগে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়ের প্রতিবাদসহ বিভিন্ন হয়রানির অভিযোগ এনে বুধবার রাত ১১ টার দিকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এরপর রাত ২টার দিকে পেট্রেল পাম্প মালিক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আদনান ধর্মটে স্থগিতের ঘোষণা দিলেও তা মানেননি অন্য পাম্প মালিকরা। ফলে গত রাত থেকে সিলেটের পাম্পগুলোতে তেল-গ্যাস বিক্রি বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন গ্রাহকরা।
বৃহস্পতিবার সকাল থেকে সিলেটের প্রায় সবকটি পাম্পে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। ভোরে থেকে লাইনে দাড়িয়ে তেল ও গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারেননি।
উদ্ভূত পরিস্থিতি সমাধানে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রজৈনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে পেট্রোল পাম্প মালিক সংগঠনগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরেন এবং চলমান সংকট নিরসনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।




