সিলেটে অবৈধভাবে টিলা কাটার দায়ে দুইজনকে লাখ টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৮:৫৩:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে অবৈধভাবে টিলা এবং কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে এই জরিমানা করা হয়।
শুক্রবার সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামের হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা এবং কৃষি জমির মাটি কর্তনের সময়ে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪(চ), (ছ) ধারা লংঘন করার আলামত প্রাপ্ত হওয়ায় এবং তারা অপরাধ স্বীকার করে নেওয়ায় একই আইনের ১৫ ধারা অনুযায়ী দুইজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ জানান, পরবর্তীতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মেম্বারের উপস্থিতিতে অপরাধী কর্তৃক মুচলেকা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।




