জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এপ্রিলের শেষে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৯:১৩:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চলতি মাসের শেষে অনুষ্ঠিত হতে পারে। আজ শুক্রবার (৩ এপ্রিল) এই তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলাপ-আলোচনা চলছে। শিগগির নোটিশের মাধ্যমে জানানো হবে। গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছরের ২৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের আবেদন শুরু হয়। পরে কয়েক দফা আবেদনের সময় বাড়ানো শেষে গত ৩১ মার্চ এই আবেদনের সময় শেষ হয়।
তথ্য অনুযায়ী, ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস)/স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি/সমমান পর্যায়ে আসনসংখ্যা ৯ লাখ ১ হাজার ৫৪৫টি এবং ভর্তি শিক্ষার্থী ছিলেন ৭ লাখ ৪ হাজার ১৯৬ জন, আসন শূন্য ছিল ১ লাখ ৯৭ হাজার ৩৪৯টি। অন্যদিকে শুধু স্নাতক (সম্মান)/স্নাতক কারিগরি পর্যায়ে মোট আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ৯০টি এবং ভর্তি শিক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ৭১৫ জন, আসন শূন্য ছিল ৮৬ হাজার ৩৭৫টি।



