দিরাইয়ে গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৬:২১:৩৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার আলোচিত প্রান্ত দাস হত্যা মামলার প্রধান আসামি চান মিয়াকে ‘এলাকার মূর্তিমান আতঙ্ক’ আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চান মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তার ও তার ছেলেদের বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তারা অভিযোগ করেন, চান মিয়ার বাউসী গ্রামে নিজস্ব কোনো জায়গাজমি নেই। ২০১৭ সালের দিকে গ্রামের কামিনী দাসের পুকুরে পাহারাদার হিসেবে নিয়োগ পাওয়ার পর সে সেখানে অস্থায়ীভাবে বসবাস শুরু করে।
বক্তারা আরও জানান, এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে চান মিয়াকে বিভিন্ন গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল। গত বছরের ২৬ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাউসী গ্রামে প্রান্ত দাস হত্যা সংঘটিত হয়। এ ঘটনায় চান মিয়া ও তার ছেলে শাকিলসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীর্ঘ কারাবাস শেষে সম্প্রতি তারা জামিনে মুক্তি পান।
অভিযোগ রয়েছে, জামিনে বের হয়ে চান মিয়া পুনরায় কামিনী দাসের জমিতে বসতি স্থাপনের চেষ্টা করছেন। এ বিষয়ে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করলেও তা অমান্য করে গভীর রাতে টিন দিয়ে একটি ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করা হয়।
ভুক্তভোগী কামিনী দাস অভিযোগ করে বলেন, রাতে আমার জমিতে ঘর নির্মাণের খবর পেয়ে সেখানে গেলে চান মিয়া রামদা হাতে আমাকে হুমকি দেয়। সে বলে, একটি খুন করেছি, প্রয়োজনে আরও করব। জায়গা নিয়ে বাড়াবাড়ি না করতে বলে।” তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, চান মিয়া তার পরিবারের ক্ষতি করে দায় অন্যের ওপর চাপাতে পারেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চান মিয়া এলাকায় দীর্ঘদিন ধরে গরু-ছাগল চুরি, নিরীহ মানুষকে মারধর, নারীদের উত্ত্যক্ত করাসহ নানা অপরাধে জড়িত। তার কারণে গ্রামবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্থায়ীভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্তি চান।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




