দিরাইয়ে ২ অনলাইন জুয়াড়ি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ৬:৫৯:৪১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি চক্রের মূলহোতা মো. মাহবুব হোসেন হিমেল(২৬) ও হাসান মিয়া (২৪)-কে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১৭ টি মোবাইলফোন জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে দিরাই থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় অবস্থিত মাহবুব হোসেন হিমেলর বাসার ছাদের চিলেকোঠা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েক সহযোগী পালিয়ে যায়।
জানা যায়, মো. মাহবুব হোসেন হিমেল উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের মৃত মতলিব মিয়ার ছেলে ও ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের ছোট ভাই। গ্রেপ্তার অপর যুবক হাসান মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, মাহবুব হোসেন হিমেল দীর্ঘদিন ধরে দিরাই পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন ও এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অনলাইন জুয়ার মাধ্যমে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়িয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শনিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



