শারদা হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাইনবোর্ড অপসারণ করল জাসাস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮:১৯ অপরাহ্ন
ডাক ডেস্কঃ সিলেটের শারদা হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাইনবোর্ড অপসারণ করল জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ জাসাস। গতকাল শনিবার দুপুরে জাসাস নেতৃবৃন্দ সাইনবোর্ডটি অপসারণ করেন।
অভিযোগ রয়েছে,ফ্যাসিস্ট আওয়ামীলীগের মদদপুষ্ট সংগঠন হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট আওয়ামী সরকারের দীর্ঘ ১৭ বছর সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে আসছিল। সংগঠনটির সভাপতি শামসুল আলম সেলিম, যিনি একাধারে সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকও।ফ্যাসিস্ট শাসনামলে সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর দায়িত্বকালে নিয়ম বহির্ভূতভাবে শারদা হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটকে একটি কক্ষ কার্যালয় হিসেবে বরাদ্দ দেন।
আওয়ামী লীগ নেতা শামসুল আলম সেলিম ও তার সহযোগীরা মিলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগ মুহূর্তে
১৬ জুলাই সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের ব্যানারে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে মিছিল বের করেন। পরবর্তীতে ৫ আগস্টের পর সংগঠনটির নেতৃবৃন্দ আড়ালে চলে যান এবং অনেকে মামলার আসামি হিসেবে পলাতক রয়েছেন বলে জানা গেছে ।
গতকাল শনিবার হঠাৎ করে শারদা হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে নতুন করে সাইনবোর্ড টাঙানো হয় এবং
অফিসও খুলে দেওয়া হলে বিষয়টি জানাজানি হবার সাথে সাথে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সাংস্কৃতিক কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। বিষয়টি নিয়ে গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই সরব হয়ে উঠেন।
সাইনবোর্ড টানানো ও অফিস খুলে দেয়ার খবর পেয়ে সিলেট জেলা জাসাসের নেতৃবৃন্দ শনিবার বেলা ১১টায় শারদা হলে যান। এসনয় সেখানে সাইনবোর্ড টানানোর সত্যতা পাওয়া যায়। এসময় ওই অফিসে উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জাসাস নেতৃবৃন্দের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
পরিস্থিতির একপর্যায়ে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান। পরবর্তীতে সিলেট জেলা জাসাসের নেতৃবৃন্দ উক্ত সাইনবোর্ড অপসারণ করেন।
এবিষয়ে সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান বলেন, “আমরা সংস্কৃতির বিরুদ্ধে নই। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা চাই সংস্কৃতির বিকাশ হোক, তবে তা অবশ্যই ফ্যাসিস্টমুক্ত হতে হবে।” তিনি অবিলম্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নামে বরাদ্দকৃত কার্যালয় বাতিল করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি আহ্বান জানান।



