হজযাত্রীদের জন্য সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে : জেলা প্রশাসক
সিলেটে ৪ দিনব্যাপি ৩ সহস্রাধিক হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ১:১৪:৫১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, পবিত্র হজযাত্রীদের সফরকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইনশাআল্লাহ এবারের হজ অন্যান্য বছরের তুলনায় আরও সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনায় সম্পন্ন হবে।
তিনি বলেন, হাজিদের অবশ্যই হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এজন্য হজ প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
মঙ্গলবার (৭ এপ্রিল) নগরীর শাহী ঈদগাস্থ ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের চারদিন ব্যাপী হজ প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মো. আনোয়ারুল কাদির, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিলেট জোনের প্রধান মো. নুরুজ্জামান ও বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মতীন নবিগঞ্জী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, হজের সফরে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। খাবার গ্রহণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না। যত কম খাবার গ্রহণ করবেন ততো ভালো। নিজেদের প্রয়োজনীয় তথ্য ও পিলার নাম্বার প্রয়োজনে মোবাইল ফোনে ছবি উঠিয়ে রাখতে হবে যেন হারিয়ে না যান।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, শুধু গাইড পড়ে হজের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানা কঠিন। এজন্য দরকার নিবিড় প্রশিক্ষণ। তাই সিলেটে ইসলামিক ফাউন্ডেশন চারদিন ব্যাপি হজ প্রশিক্ষণের আয়োজন করেছে। যেহেতু এ বছর সিলেট থেকে সরকারি ও বেসরকারিভাবে তিন হাজার ৫৯ জন হজযাত্রী মক্কায় যাচ্ছেন, সবার জন্য একই সাথে প্রশিক্ষণের আয়োজন সম্ভব নয় বলে আমরা চারদিনের প্রশিক্ষণ আয়োজন করেছি। ২০২৬ সালে হজের জন্য নিবন্ধিত হজযাত্রীরা ৭, ৮, ৯ ও ১১ এপ্রিল প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেতে ১টা পর্যন্ত এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় হজযাত্রীদের জন্য হজের ধর্মীয় বিধিবিধান, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা, হজযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয় এবং হজ্জ গাইডদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া হজের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও মুক্ত আলোচনার মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।



