দক্ষিণ রণিখাই ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গৌরীনগর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩০:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা টিমের বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
দুইদিন ব্যাপী এই খেলা গৌরীনগরের হিংরা মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ১০ টি বিদ্যালয় অংশ নেয়। খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে শাহজালালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে বুধবার বিকেলে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস।
স্বাগত বক্তব্য রাখেন গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্মা।
গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়, গৌরীনগর গ্রামের মেম্বার মাহবুবুর রহমান, গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুর রশীদ, গ্রামের মুরব্বী আমীর উদ্দিন, ইয়াজ আলী, জমির উদ্দিন, আইনুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজকের এই “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” কেবল একটি ফুটবল ম্যাচ নয়, এটি আমাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম। আমরা সবাই জানি, “সুস্থ দেহে সুন্দর মন”। আমাদের শিশুরা সারাদিন বইয়ের মাঝে ডুবে না থেকে যখন এই সবুজ মাঠে দৌড়ায়, তখন তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফুটবল এমন একটি খেলা যা আমাদের টিমওয়ার্ক বা দলগত প্রচেষ্টা শেখায়। মাঠে তোমরা ১১ জন খেললেও তোমাদের লক্ষ্য থাকে একটিই- গোল করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে এই একতা আর শৃঙ্খলার প্রয়োজন আছে। আজ যারা হারবে বা যারা জিতবে, সবার মনে রাখা উচিত- খেলায় হার-জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাই আসল সার্থকতা। আমরা অভিভাবকদের অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদের শুধু পড়ার টেবিলে আটকে না রেখে মাঠেও পাঠাবেন।




