তারেক রহমান সিলেটে আসছেন ২ মে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৮:২৬:১৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। নতুন সফরসূচি অনুযায়ী আগামী ২ মে সিলেট সফর করবেন তিনি। আগের ঘোষিত সূচি অনুযায়ী, ৩০ এপ্রিল সিলেটে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তাঁর সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শনিবার (১১ এপ্রিল) সিলেট সফরে গিয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরের দিন তারেক রহমান বাসিয়া খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ ছাড়া একই দিনে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
এর আগে ১ এপ্রিল সিলেট সফরে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট সফর করবেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




