মোটরসাইকেল চোরদের সিলেট বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ৮:৩০:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের প্রতিষ্ঠাতা সভাপতি সহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আটককৃতরা হলেন- সিলেটের মোগলাবাজারের গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমেদ তালুকদার (৩৫) ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)। কয়েছ আহমেদ তালুকদার নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবী করেছেন পুলিশের কাছে।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশন এলিগ্যান্ড শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে। সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সরদার কয়েছ আহমেদ তালুকদারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ আহমেদ নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবি করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট থানাধীন জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার সকালে জৈন্তাপুর থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য আকাশ আহমদকে আটক করা হয়। তখন তার হেফাজত হতে একটি অবৈধ Suzuki Gixxer মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মো. মনজুরুল আলম বলেন, আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




