মঙ্গলবারের মধ্যে নগর থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শো-রুম অপসারণের নির্দেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:১৬:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ৬ মাসের আলটিমেটাম শেষে আগামী মঙ্গলবারের মধ্যে সিলেট নগর থেকে ব্যাটারিচালিত অটোরিকশার শো-রুম অপসারণ করতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সিলেট মহানগরীর সকল ব্যাটারী চালিত রিক্সা (ইজি বাইক/মিশুক/টমটম) দোকান, শোরুম ও ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অননুমোদিত ব্যাটারিচালিত যানবাহন অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ১৫ অক্টোবর তারিখের মধ্যে সিলেট মহানগর এলাকায় শো-রুম থেকে সকল অবৈধ যানবাহন (ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক/মিশুক/টমটম) সরিয়ে নিতে অনুরোধ করা হয়। এরই প্রেক্ষিতে গত ওই বছরের ১৪ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যানবাহন ব্যবসায়ীদের পক্ষ থেকে শো-রুম স্থানান্তরের জন্য ৬ মাসের সময় প্রার্থনা করা হয়, যার মেয়াদ আগামী ১৪ এপ্রিল শেষ হতে যাচ্ছে। জনস্বার্থ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিলেট মহানগরীর ব্যাটারিচালিত রিক্সা (ইজি বাইক/মিশুক/টমটম) বিক্রয়ের প্রতিষ্ঠান ও শো-রুম জরুরী ভিত্তিতে অপসারণ করা অত্যাবশ্যক।
বিজ্ঞপ্তিতে আরো বলা, সকল ব্যাটারি চালিত যানবাহন ব্যবসার দোকান, শো-রুম ও ব্যবসায়ীগণকে নির্দেশ প্রদান করা যাচ্ছে যে, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) তারিখের মধ্যে সিলেট মহানগরীতে সকল ধরণের ব্যাটারি চালিত রিক্সা/ইজি বাইক/মিশুক/টমটম যানবাহন ব্যবসার শো-রুম অপসারণ করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এ আদেশ বাস্তবায়ন করা না হলে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিধি মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




