এমসি কলেজে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৯:০৫:৩২ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে তিন দিনব্যাপী ৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এই বইমেলার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ বইমেলাটি সোমবার শুরু হয়ে চলবে বুধবার বিকেল ৫ টা পর্যন্ত। বইমেলায় বইয়ের পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। মোট ১৬ টি স্টল নিয়ে বইমেলাটি শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায়, বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু।
এসময় আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, প্রফেসর ফৌজিয়া আজিজ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম।
মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মুরারিচাঁদ কবিতা পরিষদের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অঘ্রাতা সৌরভ।
মুরারিচাঁদ কবিতা পরিষদের আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক স্মিতা নাগের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কবিতা পরিষদে সদ্য সাবেক সভাপতি মইনুল হাসান আবির।
উদ্বোধনী পর্ব শেষে মুরারিচাঁদ কবিতা পরিষদের ২৩ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
মুরারিচাঁদ কবিতা পরিষদের সদস্যের একক, দ্বৈত, কোরাস কবিতা আবৃত্তি, থিয়েটার মুরারিচাঁদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, ছন্দ নৃত্যালয়, এনডিএফ বিডি সিলেটসহ দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ ছিল প্রথম দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ ছাত্রদল, ছাত্রশিবির সহ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।



