সিলেট শিক্ষাবোর্ডের নয়া বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো: তারেক সিলেট শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এ পদে গতকালই তিনি যোগদান করেছেন। তিনি সিলেট বোর্ডের বিদায়ী বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। মঈনুল ইসলামকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে।
আবু মুসা মো. তারেক এক দশকেরও বেশি সময় ধরে এমসি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ইংরেজি সাহিত্য, ভাষাবিজ্ঞান ও উচ্চতর পঠন-পাঠনে শিক্ষকতা করে আসছেন। সর্বশেষ তিনি সিলেট সরকারি আলীয়া মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে রোমান্টিক ও ভিক্টোরিয়ান কবিতা, এলিজাবেথীয় নাটক এবং আধুনিক সাহিত্যসহ নানা বিষয়ে তিনি পাঠদান ও গবেষণায় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে থাকেন। শিক্ষকতায় যোগদানের আগে তিনি রূপালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা আবু মুসা মোঃ তারেক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম (মালয়েশিয়া ক্যাম্পাস) থেকে মাস্টার্স ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন।
শিক্ষার পাশাপাশি তিনি একজন গবেষক ও সাহিত্যিক হিসেবেও সুপরিচিত। তাঁর একাধিক গবেষণাপ্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি কবিতা, নাটক ও গদ্য রচনায় সক্রিয়; তাঁর চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন সাময়িকী ও প্রকাশনায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। আইসিটি ও ইংরেজি ভাষা শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত এই শিক্ষাবিদ পাঠদান, গবেষণা ও সৃজনশীল লেখনীর মাধ্যমে শিক্ষা ও সাহিত্য অঙ্গণে অবদান রেখে চলেছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায়। নতুন দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।



