যুক্তরাজ্যে বাংলাদেশ কেন্সার এইড ট্রাস্টের সমর্থনে সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৫, ৩:১৮:৫৭ অপরাহ্ন
লন্ডন, ২৯ সেপ্টেম্বর ২০২৫: যুক্তরাজ্যে সিলেট সরকারি পাইলট হাই স্কুলের সাবেক শিক্ষার্থীরা বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (BANCAT)-এর সমর্থনে কেন্টে ওয়েস্টউইকহ্যামের ইন্ডিয়ান ডাইনার রেস্টুরেন্টে এক মিলনমেলায় অংশ নেন। অনুষ্ঠানের সহ-আয়োজক ছিলেন পাইলটিয়ান অ্যালামনাই মোখসুদ আহমেদ খান, কনভেনার ফ্রেন্ডস অব ব্যাঙ্ক্যাট ইউকে এবং রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী পাইলটিয়ান অ্যালামনাই মকদাদ খান।
ব্যাঙ্ক্যাট বাংলাদেশের মানিকগঞ্জের সিঙ্গাইরে দেশের প্রথম পারিবারিক ক্যান্সার কেয়ার সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য হলো আর্থিক, সামাজিক বা মানসিক কারণে অবহেলিত ক্যান্সার রোগীদের শেষ জীবনে মর্যাদা ও সেবা নিশ্চিত করা। বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হোম বা পোস্ট কেয়ার সুবিধার অভাব পূরণেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখসুদ আহমেদ খান বাবুল এবং সঞ্চালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম বাসন।
ব্যাঙ্ক্যাট-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব বলেন, “আমরা চাই ক্যান্সার রোগীরা তাদের শেষ সময়গুলো মর্যাদা, সহানুভূতি ও সান্ত্বনার সঙ্গে কাটাতে পারেন। এটি শুধু চিকিৎসা নয়, মানবিকতার এক নতুন ধারা।”
আয়োজকরা সকলকে এ মানবিক অভিযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহবান জানান এবং বলেন, এটি কেবল অর্থ সংগ্রহের কার্যক্রম নয় বরং ক্যান্সারের বিরুদ্ধে সহমর্মিতা ও সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার আহবান |




