জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:১৬:৫৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলার আসাপাড়া এলাকায় আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত এই যুবকের নাম সাইদুল ইসলাম (২২)। সে উপজেলার আসামপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সন্তানের জনক সাইদুল পেশায় একজন শ্রমিক ছিলেন। সম্প্রতি তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সময় মানুষের সাথে ঝগড়াঝাটি মারামারি করার কারণে তাকে পরিবার গৃহবন্দী করে রাখেন। শনিবার (৮ই নভেম্বর) সকালে কোন এক সময় ঘর থেকে সবার অজান্তে বেরিয়ে যায় সে। এসময় তার হাতে একটি কাঠের তৈরি মোটা লাঠি ছিলো। পথিমধ্যে বারেক নামে এক ব্যাক্তিকে লাঠি দিয়ে আঘাতের খবর পেয়ে পরিবারের লোকজন তাকে খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তার নানা বাড়ীর পিছনে একটি আমগাছের সাথে সাইদুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এক নারী। এসময় স্হানীয়রা খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
ঝুলন্ত অবস্থায় তার পরনে জিন্সের প্যান্টের সাথে একটি কালো রংয়ের বেল্ট পরিহিত ছিলো। দেহে কোন কাপড় ছিলো না। তার মরদেহের পাশে তিনফুট লম্বা একটি কাঠের তৈরি লাঠি পড়ে থাকতে দেখা যায় । তার গলায় লাল রংয়ের একটি শাড়ী দিয়ে পেঁচানো অবস্থায় ছিলো।
ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করছে। ঘটনার বিষয় পুলিশ তদন্ত করছে।




