জুলাই আন্দোলনের স্মৃতি লিখে রাখার আহবান ডাকসু ভিপি সাদিক কায়েমের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০১:২১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে স্মৃতি লিখে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আয়োজনে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জুলাই স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জুলাই স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে ১২শর অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, “জুলাইয়ের ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করার চেষ্টা চলছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ঘটনাগুলো দলিল আকারে তুলে ধরা প্রয়োজন।”
জুলাই মাসের প্রতিটি দিন শিক্ষার্থীদের সংগ্রাম ও ত্যাগের স্মৃতি বহন করে। শহীদদের স্মরণ করে তিনি বলেন, “তাদের সাহস ও ত্যাগই আমাদের অনুপ্রেরণা।” শহীদদের জীবনকে তিনি আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রতীক হিসেবে তুলে ধরেন।
ইসলামী ছাত্রশিবিরের প্রশংসা করে বলেন, “জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদ পরিবারের খোঁজখবর রাখা এবং সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখার জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। “জুলাই আন্দোলনকে ধারণ করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।”
তিনি আরো বলেন, “জুলাই আন্দোলনের পর, “ক্যাম্পাসগুলো সন্ত্রাসমুক্ত হয়েছে, মানুষ মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে।” তিনি আরো বলেন,“জুলাই আন্দোলনের সত্য ইতিহাস ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। সবাইকে সেই দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি তারেক মনোয়ার। এসময় তিনি বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, শিবিরের সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।




