মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে বিয়ানীবাজারে যুব অধিকার পরিষদের মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:১১:১৯ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজার উপজেলা যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক কাওছার আহমদ ফাহিমের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা যুবনেতা কাওছার আহমদ ফাহিমের উপর মামলা প্রত্যাহারের দাবি তুলেন।
সিলেট জেলা গণঅধিকার পরিষদ নেতা বিবেকানন্দ দাস বিবেকের সভাপতিত্বে যুব অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার আহবায়ক জিয়া উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী, পৌর শাখার সভাপতি রুহুল আমিন ও সদস্য সচিব আব্দুল গফুর, শেওলা ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহবায়ক নাইম উদ্দিন, লাউতা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব জিয়াউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এইচএম হাসান, কার্যকরী সদস্য এনামুল হক সাজু ও আব্দুর রহিম।
মানববন্ধনে মামলাকে মিথ্যা ও উদ্দ্যেশ্যেমূলক দাবি করে বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিয়ানীবাজার উপজেলা যুব অধিকারের অর্থ সম্পাদক কাউসার আহমদ ফাহিম ব্যক্তি হিসাবে সজ্জন ও সৎ। তিনি গণঅধিকার পরিষদের রাজনীতি করার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এ কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টি নেতা নুরুল আলম সরকারি খালের উপর ব্রিজ নির্মানকে কেন্দ্র করে খাল দখলের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলাটি রাজনৈতিক প্রতিহিংসামূলক দাবি করে তারা আরও বলেন, সুষ্ঠুভাবে প্রশাসন বিষয়টি তদন্ত করলে প্রকৃত তথ্য উঠে আসবে এবং হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে কাওসার আহমদ ফাহিমকে অব্যাহতি দেয়া হয়, নতুবা তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।




