সিলেটে বস্তাবন্দী ৫৬টি পাখি উদ্ধারের পর আকাশে অবমুক্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:১৬:১০ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুল এলাকায় বস্তাবন্দী করে বিক্রির সময় অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ টি অতিথি পাখি (বালি হাঁস) অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের উপস্থিতিতে সিলেট সুরমা নদীর তীরে বিক্রি করতে আনা ৫৬ টি অতিথি পাখি (বালি হাঁস) অবমুক্ত করা হয়।
জানা যায়, সোমবার সিলেটে বিক্রির উদ্দেশ্য এক শিকারী বেশ কিছু অতিথি পাখি নিয়ে আসার সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে এসকল পাখি উদ্ধার করা হয়। অভিযানকালে পাখি উদ্ধার হলেও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারী পালিয়ে যায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন বলেন, মঙ্গলবার আমরা ৫৬ টি অতিথি পাখি অবমুক্ত করেছি। আপনারা জানেন যে, বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এসব প্রাণী প্রাকৃতিক সম্পদ। যারা এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করার চেষ্টা করবে জেলা প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা ও বন বিভাগ সমসময় মাঠে আছি।




