সিলেট শিক্ষাবোর্ডের ‘আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:১৩:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ সিলেটে ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রথমবারের মতো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই খেলার পুরষ্কার বিতরণ ও ফাইনাল সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শুধু পড়াশোনা করলেই হবে না। খেলাধুলাও করতে হবে। খেলার মাধ্যমে একজন মানুষ জয়ী হওয়ার প্রত্যয় পায়, যেটা তার শিক্ষাজীবনে ব্যাপক ভূমিকা পালন করে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অন্যান্য খারাপ কাজ বা অনলাইনে সময় নষ্ট করার প্রবণতা থেকে রক্ষা পায়। শিক্ষার্থীদের কল্যাণে সিলেট শিক্ষাবোর্ডের এই আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা শাখার কর্মকর্তা তাজুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে সিলেটের সকল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আলাদা একটা বন্ডিং হয়েছে। এতে করে তাদের মধ্যে আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়েছে, যা তাদের বাস্তবিক জীবনে কাজে দিবে। একজন শিক্ষার্থী যখন খেলায় থাকে, তখন তার মনে একটাই ভাবনা থাকে যে তাকে জিততে হবে। তখন আর তার মনে অন্য কোনো ভাবনা থাকে না। এই খেলাধুলাই শিক্ষার্থীদের বাস্তবিক জীবনে এগিয়ে যেতে ভূমিকা রাখে।
এতে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ও আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক শেখ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, প্রথমবারের মতো এই আয়োজনে সিলেটের প্রত্যেক স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপক সাড়া দিয়েছেন, তারা অংশ নিয়েছেন। এর মাধ্যমে সকলের মধ্যে একটা আন্তরিক সম্পর্কের তৈরি হয়েছে। এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, সিস্টেম এনালিষ্ট সরকার মোহাম্মদ আতিকুর রহমান, হিসাব রক্ষণ অফিসার নিহার কান্তি রায়, এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নিরঞ্জন সিংহ, সহকারী ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাশ প্রমুখ।
ফুটবলের ফাইনালে সিলেট জেলার বালাগঞ্জ সরকারি কলেজ ও মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্কুল এন্ড কলেজের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বালাগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়।
এর আগে রোববার সকালে মেয়েদের দ্বৈত ব্যাডমিন্টন খেলায় হবিগঞ্জের নবীগঞ্জের হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজের মেয়েদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের মেয়েরা।




