আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে সুনামগঞ্জ পুলিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ১:০৬:৪৩ অপরাহ্ন
শহীদনূর আহমেদ, সুনামগঞ্জ থেকে : সীমান্তে চোরাচালান, মাদক, বালু লুট, অপরাধ প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে সুনামগঞ্জ পুলিশ বিভাগ। এছাড়াও সাম্প্রতিক সময়ে কিছু ঘটনাকে সামনে রেখে কোনো বিশেষ গোষ্ঠী বা দল যাতে নাশকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান ডেবিল হান্ট অপারেশন ফেইজ-২।
গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। সকল ধরনের অপতৎপরতা রুখতে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা ঠেকাতে জেলাব্যাপী ডেবিল হান্ট অপারেশন চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্দেহভাজন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গত তিন দিনে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জনসহ দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, ছাতক,দোয়ারাবাজার, ধর্মপাশা,মধ্যনগরসহ বিভিন্ন উপজেলাসহ অন্তত ১৮ জন গ্রেফতার করা হয়। জুলাই আগস্টের বৈষম্যবিরোধী মামলাসহ নাশকতামূলক বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, গেল এক সপ্তাহে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্য, মাদকদ্রব্য, চোরাই গরু, অবৈধ ড্রেজার জব্দ করেছে সদর থানা পুলিশ। এসব ঘটনায় আটক করা হয়েছে অন্তত দুইজনকে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ৩টি ড্রেজার জব্দ করা হয়েছে। বালু লুট ঠেকাতে ধোপাজান চলতি নদীর প্রবেশ পথের মোহনায় চেকপোস্ট বসানো হয়েছে। নদী ও সড়কপথে বালু লুট বন্ধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
গত ১৭ ডিসেম্বর অভিযান চালিয়ে সুরমা নদী দিয়ে পাচার হওয়ার সময় ৩১ টি ভারতীয় গরুরসহ ২ জনকে আটক করে পুলিশ। একই দিন পৃথক অভিযানে ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড়সহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়।
১৮ ডিসেম্বর সদর উপজেলার জয় নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লাখ ৪ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়। যার বাজার মূল্য ৩৬ লাখ বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সকল ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে সদর থানার ওসি রতন শেখ বলেন, যেসকল অভিযান পরিচালনা হয়ে তার পৃথক পৃথক মামলা হচ্ছে। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করছে। অপরাধিদের ধরতে পুলিশ কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল হাসান রাসেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। ডেবিল হান্ট অপরাশেন অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এছাড়াও হাদীর ঘটনাকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা ঠেকাতে টহল জোরাদারের পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারি বলে জানান তিনি।




