“জুলাই বিপ্লব-পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা
জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে অবস্থানকারীদের লালকার্ড দেখাবে তরুণ সমাজ- শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৪:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, ‘জুলাই বিপ্লবের আগের যে পরিবেশ ছিল, একটি পক্ষ সেই পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা তাদের স্পষ্টভাবে সতর্ক করে বলতে চাই- আপনারা যদি ভেবে থাকেন এ জাতির তরুণ ও সচেতন নাগরিকদের বিভ্রান্ত করে জুলাইয়ের আগের পরিবেশ ফিরিয়ে আনবেন, তাহলে জুলাই বিপ্লবের তরুণরা তা বাস্তবায়ন হতে দেবে না। আমরা লক্ষ্য করছি- একটি পাতানো নির্বাচন আয়োজন করে কেউ কেউ ক্ষমতায় আসতে চায়। এ উদ্দেশ্যে তারা রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশনকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের তরুণ সমাজ এ ধরনের কোনো অপচেষ্টা সফল হতে দেবে না। যারা চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়মের পক্ষে অবস্থান নেবে এবং যারা জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্রশিবির তরুণদের সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করবে।
মঙ্গলবার মিরাবাজার জামেয়া মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত “জুলাই বিপ্লব-পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাবনাকে এ দেশের তরুণ সমাজ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটবে না। যারা ফ্যাসিবাদী মানসিকতা ধারণ করে, তারাই এই সংস্কারের বিরোধিতা করছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই—যারা এই সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্রশিবির এ দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গড়ে তুলবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর নুরুল ইসলাম বাবুল, ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ এবং সিলেট মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




