শ্রীমঙ্গলে তিন মাসে ১৬৯ কোটি টাকার চোরাই পণ্য আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৯:১৯:৫৬ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিজিবির সেক্টর পর্যায়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত নভেম্বর ২০২৫ হতে এপর্যন্ত সীমান্তে অভিযান পরিচালনা করে মোট ৭২ জন আসামীসহ প্রায় ১ শত ৬৪ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও সাড়ে ৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করে। বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এছাড়াও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করছে বিজিবি।
১৪ জানুয়ারি বুধবার ২০২৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি কর্তৃক বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন প্রেস বিফিং এ উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবি’র অন্যান্য সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের অধীনস্থ ইউনিট সমূহের নিরলস প্রচেষ্টায় গত ১ নভেম্বর ২০২৫ হতে এপর্যন্ত সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ৭২ জন আসামীসহ ১শত ৬৪ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার ৪ শত ৭২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও ৫ কোটি ৪৭ লক্ষ ৩০ হাজার ২ শত ৯২ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করে। পাশাপাশি ২টি বিদেশী পিস্তলসহ ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ ও ২৪টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
সেক্টর কমান্ডার জানান, বাংলাদেশের মোট ৪,৪২৭ কিঃ মিঃ (ভারতের সাথে ৪,১৫৬ কিঃ মিঃ এবং মায়ানমারের সাথে ২৭১ কিঃ মিঃ) সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১২০৪ কিঃ মিঃ এলাকা বিস্তৃত। এই বিস্তৃত সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট চোরাচালান প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত প্রেস ব্রিফিং এ তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সরাইল রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর (সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল এবং ময়মনসিংহ সেক্টর) এর ১৩টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের ১৭টি জেলার ৫৬টি উপজেলার মোট ৯২টি সংসদীয় আসনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিয়োজিত থাকবে। রিজিয়নের সকল বিজিবি সদস্য সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।




