সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৮:০৫:২৭ অপরাহ্ন
সিলেটে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, মেডিসিন, চকলেট, সাবান, মেহেদী এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ, রসুন ও সুপারি আটক করে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটা বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে অভিনব কায়দায় ট্রাকে করে বালুর নিচে পরিবহনের সময় বিপুল পরিমাণে জিরা আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সর্বমোট বাজারমূল্য- ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




