সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী
‘নির্বাচিত হলে স্বচ্ছতা ও জবাবদিহিতায় দৃষ্টান্ত প্রতিষ্ঠা করবো’- জাহিদুর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:০৬:৩৯ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এডভোকেট জাহিদুর রহমান বলেছেন, ‘জনগন যদি আগামী ১২ ফেব্রুয়ারি আমার ট্রাক প্রতিকের পক্ষে রায় দেন তাহলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের কোনো এলাকাই আর অবহেলিত থাকবে না, কোনো জনগোষ্ঠী বঞ্চিত হবে না। দল-মত নির্বিশেষে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ট্রাক প্রতিক বিজয়ী হলে এই অঞ্চলে ন্যায়ভিত্তিক, মানবিক ও টেকসই উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে।’
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দিনভর সিলেটের বিয়াবান উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের কুড়ারবাজার, বৈরাগীবাজার ও আব্দুল্লাহপুর বাজারে গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এডভোকেট জাহিদুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিকের সংসদ সদস্য প্রার্থী।
তিনি বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের কেউ কেউ তাদের প্রতীকে ভোট দেয়ার বিনিময়ে জান্নাতের টিকিট, আবার কেউ কেউ তাদের প্রতীকে ভোট দিলে বিভিন্ন ধরনের কার্ড দিবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি বলতে চাই, আমি কাউকে জান্নাতের টিকিট দিতে পারবো না, আবার কোন কার্ডও দিতে পারবো না। আমি এমন কোন প্রতিশ্রুতি কখনোই দিবো না, যেটা বাস্তবায়ন করা কখনো সম্ভব নয়। আমি যা করতে পারবো সেটি হচ্ছে, আমি জনগনের প্রকৃত প্রতিনিধি হবো। সরকার থেকে প্রাপ্ত সকল বরাদ্ধের সমবন্টন, অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্ধ বিতরণ এবং মানুষের প্রতিনিধি হিসাবে সংসদে কথা বলে তাদের কাঙ্খিত প্রত্যাশার বাস্তবায়ন ঘটাবো ইনশাআল্লাহ।’
এডভোকেট জাহিদুর রহমান বলেন, ‘আমি জনগণের সেবক হতে চাই, নেতা হতে চাই না। আমি কাজের মানুষ। আপনাদের সাথে থেকে একসঙ্গে কাজ করতে চাই। আমি আপনাদের সহযোগিতা করবো এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন। তার জন্য কোন অস্ত্র ও বাহিনী প্রয়োজন নাই। আমরা-আপনারা সবাই মিলে শান্তিপূর্ণ এবং সমৃদ্ধিশালী বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলা গঠন করতে চাই। সকলকে ঐক্যবদ্ধভাবে একচিন্তা এবং একচেতনা নিয়ে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন, তবে ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান, বিদেশে পাচার করেন। অনেকে ভুয়া প্রতিশ্রুতি দেখিয়ে ভোট আদায় করেন। আমি সেটির পক্ষে নই। আমার শ্লোগান হচ্ছে, প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই হোক পরিবর্তন। এসময় তিনি আগামী নির্বাচনে বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীকে সঠিক ও চরিত্রবান প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান।’
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়নের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে জাহিদুর রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত সংসদ সদস্য করেন তাহলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নাগরিকদের পরামর্শকে প্রাধান্য দেয়ার রীতি প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করা হবে ইনশাআল্লাহ। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন করবো। আর্থসামাজিক উন্নয়নসহ শ্রম, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তাছাড়া একটি মেডিকেল কলেজ স্থাপন, তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষায় আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি ও শিল্প ক্ষেত্রে স্থায়ী ও বাস্তবায়ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’
গণসঙ্গযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাক প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির সহ সমন্বয়ক বিবেকানন্দ দাস বিবেক, মইন উদ্দিন ও জিয়া উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা ফয়সল আহমদ, স্থানীয় বাসিন্দা আব্দুস ছালাম, সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।
পৃথক পৃথক এসব গণসংযোগ ও পথসভা কর্মসূচি চলাকালে ট্রাক প্রতিকের শতাধিক কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।




