নিসচার প্রতিবেদন
জানুয়ারি মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৯:৩০ অপরাহ্ন
নতুন বছরের প্রথম মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণহানি ও ৩৫ জন আহত হয়েছেন। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায় এবং কম হয়েছে মৌলভীবাজার জেলায়। নিহত ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন
প্রকাশিত প্রতিবেদনে জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। জানুয়ারি মাসে সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১২ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন চালক ও ৮টি সড়ক দূর্ঘটনায় ৮ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ২টি দুর্ঘটনায় ১জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।



