মানতে হবে ৭ দফা নির্দেশনা
যাচাই-বাছাইবিহীন কোন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার অনুরোধ এসএমপির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ যাচাই-বাছাই বিহীন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এটিসহ ৭ দফা নির্দেশনা জারি করেছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
পুলিশের নির্দেশনা সমূহ হচ্ছে- কোন নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটার অন্য কোন নির্বাচনী এলাকার কোন ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে পারবেন না। এক্ষেত্রে কোন ভোটারকে অন্য কোন নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের আশপাশে পাওয়া গেলে তার বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা।
এছাড়া কোন ভোটারকে কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের তথ্য প্রমাণ পাওয়া গেলে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। ভোট দেয়ার পর ভোটকেন্দ্রের আশপাশে না থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে পুলিশ।
নির্বাচনের দিন অনুমোদন বিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। সেই সাথে নির্বাচনী আইন অনুসারে ভোটারদের মুখমন্ডল প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নিয়ম মোতাবেক মুখমন্ডল প্রদর্শন না করে পরিস্থিতি ঘোলাটে কিংবা ভোটের লাইনে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
একই সাথে উস্কানিমূলক কোন বক্তব্যে কান না দেয়ার পাশাপাশি যাচাইবিহীন কোন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করার অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে। ভোটের দিন সন্দেহভাজন কোন ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি লক্ষ্য করলে সাথে সাথে পুলিশ, নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা। সেই সাথে নির্বাচনকালীন সার্বক্ষনিক নাগরিক সুরক্ষা পেতে সিলেট মহানগর পুলিশের জরুরি সেবা জিনিয়া অ্যাপ ব্যবহার করা অথবা হটলাইন নাম্বার ০১৩৩৯-৯১১৭৪২ সরাসরি ফোন করা যাবে।




