সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে- জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৫:৩৭:১৪ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, চলমান উন্নয়নকে আরও গতিশীল ও সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে সকল সরকারী কর্মকর্তাদের আন্তরিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে জনকল্যাণে অনেক প্রকল্প গ্রহন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসুচির দৃশ্যমান কাজ শুরু করেছেন। সরকারের উন্নয়ন প্রকল্পগুলি মাঠ পর্যায়ে সঠিক সময়ে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
আজ শনিবার (৭ মার্চ) সকালে তিনি জৈন্তাপুর উপজেলায় উন্নয়নমূলক কাজ ও সরকারী বিভিন্ন দপ্তর পরিদর্শন কালে এসব কথা বলেন। তিনি জৈন্তাপুর সরকারি হাসপাতাল, বাংলা বাজার কেন্দ্রী ব্র্রিজ, উপজেলা সদরের ঐতিহাসিক বড়পুকুর পার পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, সমাজের গরীব অসহায় মানুষের মধ্যে সেলাই মেশিন ও টেউটিন প্রদান করেন।
তিনি জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার উন্নয়ন, চিকিৎসক সংখ্যা বৃদ্ধির ব্যবস্থার কথা জানান।
তিনি অত্র উপজেলার সার্বিক উন্নয়ন সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পলি রানী দেব, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল।
এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




