‘গৃহপালিত নয়, সক্রিয় ও গঠনমূলক বিরোধীদল হবে জামায়াতে ইসলামী’- ঢাকা উত্তর জামায়াত আমীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ৫:৪০:২০ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সায়াবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর এবং সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘নির্বাচনে জামায়াতে ইসলামীর ৬৮টি আসনসহ নেতৃত্বাধীন জোট সারা দেশে ৭৭টি আসনে জয়লাভ করে ইতোমধ্যে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করার প্রস্তুতি নিয়েছে। তবে জামায়াতে ইসলামী গৃহপালিত বিরোধী দল না হয়ে একটি সক্রিয় ও কল্যাণমূলক বিরোধী দল হিসেবে সংসদ ও রাজনীতির মাঠে গঠনমূলক ভূমিকা রাখবে।’
শুক্রবার (৬ মার্চ) বিকালে সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের ইউসুফ কমপ্লেক্স প্রাঙ্গনে সংগঠনের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনোত্তর কর্মী সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সদ্য সমাপ্ত নির্বাচনে দেশের মানুষ জামায়াতে ইসলামীর প্রতি যে সমর্থন দেখিয়েছে সেটির কৃতজ্ঞতাস্বরূপ জামায়াতে ইসলামী ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনগুলোতে কাজ করতে চায়। আমাদের জয় একটি সুক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেয়া হয়েছে। যার বাস্তবতা এখন প্রকাশ্যে আসছে। জামায়াতে ইসলামী চাইলেই আন্দোলন কর্মসূচি দিয়ে রাজপথ উত্তাল করতে পারতো। কিন্তু আমরা সেটি করতে দেইনি। কারণ, আমরা দেশের মানুষকে কষ্ট দিতে চাই না। আমরা চাই না দেশের মানুষের মধ্যে অশান্তি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে।’
তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসী প্রতি উদ্দেশ্য করে বলেন, ‘আমি বিগত দিনগুলোতে আপনাদের পাশে যেভাবে ছিলাম ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবো। নির্বাচনে হারজিত আছে, এটা থাকবেই। তবে উন্নয়নের সার্থে আমরা সবাই এক ও অভিন্ন।’
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।’
বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী মোহাম্মদ জমির হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোস্তাফা উদ্দিন, নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খয়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর বিএনপির সহ সভাপতি কবির হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, হেফাজতে ইসলামীর নেতা মুফতি আব্দুল করিম হাক্কানী, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফরিদ আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মীসভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও মতের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে, এর আগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে শুক্রবার বিকাল ৩টায় একই প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত এলাকার সহস্রাধিক সুবিধাবঞ্চিত পরিবার, দুঃস্থ শ্রমিক পরিবার ও দিনমজুর পরিবারের সদস্যদের মধ্যে সেহরি ও ইফতারের খাদ্য সহায়তা স্বরূপ ফুড প্যাক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নির্বাচনে পরাজিত হওয়া মানেই নিজের এলাকা ও এলাকার মানুষকে ভুলে যাওয়া নয়, বরং দুই উপজেলার লক্ষাধিক মানুষের যে ভালোবাসা পেয়েছি সেটির কৃতজ্ঞতাস্বরূপ আমৃত্যু তাদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।



