ব্রিটেনে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল বিশ্বনাথের তরুণ মাছুমের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৯:০১:৫৬ অপরাহ্ন
বিশ্বনাথ থেকে নিজস্ব সংবাদদাতা : ব্রিটেনের লন্ডন শহরে দুর্বৃত্তদের গুলিতে মাছুম আহমদ (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ধারণা করা যাচ্ছে সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
তিনি সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কারিকোনা গ্রামের মোহাম্মদ আমির আলীর বড় ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছেলেবেলা থেকেই মাছুম আহমদ যুক্তরাজ্যে বসবাস করছিলেন। এর মধ্যে কয়েকবার তিনি দেশে এসেছিলেন। তাঁর এক কন্যা সন্তান রয়েছে। বাবা ছাড়া মাছুমের পরিবারের সবাই যুক্তরাজ্যে বসবাস করছেন।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া বলেন, স্থানীয় সময় রাত চারটার দিকে হঠাৎ পুলিশ তাঁদের বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। পরে দরজা খুলে দিলে পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। তিনি হ্যাঁ বলার পর পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ তাঁর ভাইয়ের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
নিহতের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাঁর ছোট ছেলে মারুফ আহমদ তাঁকে মোবাইল ফোন মারফত জানিয়েছেন মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানান। তবে কী কারণে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। মাছুমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।




