দিরাইয়ে বিজিবির পোশাক পরে হোটেলে চুরি, যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৬, ৬:৫০:০২ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে বিজিবির পোশাক পরে আবাসিক হোটেল থেকে মালামাল চুরির অভিযোগে সাইফুর রহমান রুনেল (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুনেল সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত মাসুক আলীর ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রুনেল নিজেকে বিজিবি সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌর শহরের জাকারিয়া আবাসিক হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার ২০ আগস্ট বিকেলে বিজিবির লোগোযুক্ত পোশাক ও একটি ট্রাভেল ব্যাগ নিয়ে তিনি হোটেল থেকে বের হয়ে যান।
এরপর হোটেল ম্যানেজারের সন্দেহ হলে তিনি ২০৩ নম্বর কক্ষ পরীক্ষা করেন। এসময় রুম থেকে ২৪ ইঞ্চি এলইডি টিভি, বাথরুমের লুকিং গ্লাস, বেসিনের শেলফ ও তোয়ালে পাওয়া যায়নি।
পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষ জাউয়াবাজার এলাকা থেকে তাকে আটক করে দিরাই থানা পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বিজিবির ভুয়া পরিচয়ে চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



