ওসমানীনগরে তেলবাহী ট্রাক চাপায় শিশুসহ ৪ জনের প্রাণহানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৬, ৪:৪৫:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়ককের ওসমানীনগর উপজেলায় তেলবাহী ট্রাক চাপায় শিশু সহ সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাক্ষ্মণগ্রাম এলাকার মাদানী সেন্টারের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।
জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করেছেন। আর নিহতদের লাশও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায় নি।
ওসি মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় আহত ও নিহতদের লাশ ওসমানী হাসপাতালে রয়েছে। তেলবাহী ট্রাকটি আমরা জব্দ করেছি। এর চালক পালিয়ে গেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




