আনন্দঘন পরিবেশে এমসি কলেজে মোহনা লোক উৎসব অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬:৫১ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মোহনা সাংস্কৃতিক সংগঠনের ‘মোহনা লোক উৎসব’। গ্রামীণ সংস্কৃতি, লোকসংগীত ও বাঙালি ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে সংগঠনটি দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।
সোমবার কলেজের কলাভবনের সামনে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বক্তব্যে তিনি বলেন, “সংস্কৃতির নানা আগ্রাসনে আমাদের নিজস্ব লোকসংস্কৃতি যখন হারিয়ে যেতে বসেছে, তখন মোহনা সাংস্কৃতিক সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। লোকজ চর্চাই আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখে।”
উৎসবে মোহনার সদস্যরা লোক গান, মোহনা থিম সং, দলীয় পরিবেশনা, একক পরিবেশনা, দলীয় নৃত্য, একক নৃত্য, একক গান, দলীয় গান, পূঁতি গাথা, র্যাম্প শো, কবিতা আবৃত্তি পরিবেশন করেন। লোকসংগীতের সুর আর তালে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীদের পাশাপাশি সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এই উৎসবে অংশ নেন।
লোক উৎসবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী, প্রফেসর ড. কামরান হোসেন চৌধুরী, সংস্কৃত বিভাগের প্রফেসর সুনীল ইন্দু অধিকারী, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর কিরীটী পাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, মোহনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শাহনাজ বেগম ও নিকসন দাশ, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এসএম আনোয়ারুজ্জামান প্রমুখ।
মোহনা সাংস্কৃতিক সংগঠনের সহসভাপতি অনিমেষ ভৌমিক বাপন, শাহরিনা আক্তারের যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রীতম দাশ।
মোহনার সভাপতি ইমরান হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক সভাপতি জুবায়ের আহমদ রাকিব, অনবদ্য সদস্য সায়েম আহমদ চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, সিনিয়র সহসভাপতি রাজীব হোসাইন, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারী অলিদ হাসান, সাংগঠনিক সম্পাদক রুম্মান তালুকদার সহ কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে নিজের ভালোবাসার উকেলেলে উপহার হিসেবে মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি।
মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি চর্চা ও লোকঐতিহ্য ছড়িয়ে দিতে মোহনা সবসময় এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখবে।




