সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল ‘প্লান্ট হেলথ ক্লিনিক’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪:৫১ অপরাহ্ন
সিকৃবি সংবাদদাতা : সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে এই ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম।
বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের ‘এনহান্সিং দ্যা প্লান্ট হেলথ ক্লিনিক ইন দ্যা ডিপার্টমেন্ট অব প্ল্যান্ট প্যাথলজি এন্ড সিড সায়েন্স ফর কাটিং-এজ রিসার্চ, কোয়ালিটি এডুকেশন এন্ড স্ট্রেনথেন্ড আউটরিচ একটিভিটিজ’শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ‘প্লান্ট হেলথ ক্লিনিক’টি স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, কৃষিনির্ভর এ দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে ফসল কতটা সুস্থ ও রোগমুক্ত থাকে তার ওপর। সময়মতো সঠিক রোগ শনাক্ত করা গেলে এবং কৃষক সঠিক পরামর্শ পেলে ফসলের ক্ষতির একটি বড় অংশ রোধ করা সম্ভব। প্লান্ট হেলথ ক্লিনিকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও মাঠপর্যায়ের কৃষকের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। ফলে পরিবেশবান্ধব উপায়ে পোকা ও রোগ প্রতিরোধের মাধ্যমে ফসলের ক্ষতি রোধ করা সম্ভব হবে। এই ক্লিনিক শুধু সেবাকেন্দ্র নয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, দপ্তর প্রধানবৃন্দসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



