জকিগঞ্জে সাতসকালে সড়কে ঝরল মোটরসাইকেল চালকের প্রাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫১:৫৯ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাসস্টেশনের মরইরতল এলাকার পশ্চিম পাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বারঠাকুরী ইউপির বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে ফরহাদ আহমদ (৩২)।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সালাম জানান, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফরহাদ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে বিয়ে করে নতুন জীবনের স্বপ্নে সংসার শুরু করেছিলেন ফরহাদ। কিন্তু সেই স্বপ্নের সংসারে সুখের রং ছড়িয়ে পড়ার আগেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর প্রাণ। নববধূর চোখে অশ্রু আর স্বজনদের বুকভরা হাহাকার নিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের গভীর ছায়া।
এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, দুর্ঘটনায় নিহতের মুখমণ্ডল বেশি ক্ষতবিক্ষত হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



