কিডনী রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগ
পুবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান পেল কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৭:১১:৫২ অপরাহ্ন
সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটকে ২ কোটি টাকা অনুদান দিয়েছে পুবালী ব্যাংক পিএলসি। কিডনী রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণ, ডায়ালাইসিস ব্যয় কমানো এবং স্বল্প আয়ের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ অনুদান প্রদান করা হয়।
সম্প্রতি সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত অনুদান হস্তান্তর অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসি ও কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের প্রধান ও মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আবু আহমেদ গোলাম আকবর এবং সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল হাসান শফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী এবং সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ নজমুস সাকিব
স্বাগত বক্তব্যে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের নির্বাহী পরিচালকডাঃ কাজী মুশফিক আহমেদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কিডনী রোগীদের স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। চিকিৎসাসেবার মান অক্ষুণ্ন রেখে আরও বেশি মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান উদ্দেশ্য। পুবালী ব্যাংকের এই অনুদান হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক (অর্থ) জুবায়ের আহমেদ চৌধুরী বলেন স্বাস্থ্য ও শিক্ষা খাতে পুবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ প্রশংসনীয়। সিলেটে কিডনী রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ব্যাংকটি এ সহযোগিতা অব্যাহত রাখবে।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ট্রাস্টি সদস্য একেএম আতাউল করিম সেলিম তাঁর বক্তব্যে বলেন, কিডনী রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই রোগীদের আর্থিক চাপ কমাতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। হাসপাতালটির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পুবালী ব্যাংকের এ অনুদান নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী মো. শফিউল হাসান কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে প্রতিষ্ঠিত এ ধরনের উদ্যোগ সমাজের জন্য গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে ডা. নাজমুস সাকিব বলেন, কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের লক্ষ্য হলো একটি পূর্ণাঙ্গ ও আধুনিক কিডনী চিকিৎসাকেন্দ্র গড়ে তোলা, যেখানে ডায়ালাইসিস, বহির্বিভাগ, ল্যাবরেটরি পরীক্ষা, ফার্মেসি, নিবিড় পরিচর্যা এবং ভবিষ্যতে কিডনি প্রতিস্থাপনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা সম্ভব হবে।
তিনি জানান, হাসপাতালের ডায়ালাইসিস সেবায় প্রতি সেশনে প্রকৃত ব্যয় প্রায় ২ হাজার টাকা হলেও রোগীদের কাছ থেকে বর্তমানে ১ হাজার ৬০০ টাকা নেওয়া হয়। অবশিষ্ট ব্যয়ের একটি অংশ প্রতিষ্ঠানকে বিভিন্ন উৎস থেকে সংস্থান করতে হয়। নতুন অনুদানটি ডায়ালাইসিস সেবায় ভর্তুকি প্রদানের মাধ্যমে রোগীদের ব্যয় কমাতে সহায়তা করবে। ভবিষ্যতে ডায়ালাইসিসের খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
ডাঃ নজমুস সাকিব আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর কার্যকর অংশগ্রহণ জরুরি। পুবালী ব্যাংকের এ সহযোগিতা হাসপাতালের স্বপ্ন বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা কেবল আর্থিক অনুদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য কমানোর ক্ষেত্রেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুবালী ব্যাংক পিএলসির এ উদ্যোগ দেশের ব্যাংকিং খাতে মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রতিনিধিদের হাতে ২ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



