গোয়াইনঘাটের ব্যবসায়ী বদরুল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৬, ৭:২৫:২৩ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ॥ সিলেটের গোয়াইনঘাটে ব্যবসায়ী ও যুবদল নেতা বদরুল আলম হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এর সিপিসি-৩ সুনামগঞ্জের সহযোগিতা নিয়ে গত সোমবার সুনামগঞ্জের দিরাই থানাধীন জগদল ইউনিয়নের পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেফতার দুজন হলেন- গোয়াইনঘাট উপজেলার গোরাগ্রামের মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) এবং আব্দুল হামিদের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)। আলোচিত এ ঘটনার দায়েরকৃত মামলায় দশ আসামির মধ্যে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মামুন ৪ নাম্বার এবং সুয়াইবুর ৬ নাম্বার আসামি। আর সাত নাম্বার আসামি আমিনুরকে ঘটনার পরদিনই পুলিশ গ্রেফতার করেছিল; অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
নিহত বদরুল আলম গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি বালুর ব্যবসা ও গরুর খামার পরিচালনা করতেন তিনি।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গুরাগ্রামে সোনা মিয়ার বাড়ির সামনে বদরুল আলমের (৩২) মোটরসাইকেলের গতিরোধ করেন প্রতিপক্ষের লোকজন। এ সময় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের দুই দিন পর ১৩ অক্টোবর নিহতের বড় ভাই মো. আখলাকুল আম্বিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়। মামলাটি থানায় ১২/৩২০ নম্বরে রেকর্ড করা হয়েছে।
এজাহারভুক্ত আসামিরা হলেন শাহিনুর রশীদ (২৯), তুহিন আহমদ (২৩), নুরুজ্জামান নুরুজ (২৩), মামুনুর রশীদ (৩৬), ফয়েজ আহমদ (৩২), সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮), আমিনুর রশীদ (৩২), ছালিম আহমদ (২৫), সাইফ আহমদ (৩৩), নোমান আহমদ (২০) ও ইমন (২৪)।
মামলার এজাহার ও প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায়, নিহত বদরুল আলম দীর্ঘদিন ধরে বালু-পাথরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে এজাহারনামীয় আসামিদের সঙ্গে তাঁর বিরোধ ও মনোমালিন্য চলছিল।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এর সিপিসি-৩ সুনামগঞ্জের সহযোগিতা নিয়ে সুনামগঞ্জের দিরাইর জগদল থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর রুস্তমপুর ইউনিয়নের হাদারপারে নিহত বদরুলের বাড়িতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এরপরই পুলিশ আসামিদের ধরতে তৎপর হয়।




