থানায় সাধারণ ডায়েরি করে নিজেকে নির্দোষ দাবি যুবকের
সুনামগঞ্জে মহানবীকে (সা.) অবমাননার অভিযোগে যুবক পুলিশ হেফাজতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৯:০৫:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামের এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসে। তবে তার আগে রোববার দিবাগত রাত ২ টার দিকে ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানি দেয়া হচ্ছে’ উল্লেখ করে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন কৃপেশ।
অভিযুক্ত কৃপেশ রায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। কৃপেশ সিলেট নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কাজ করতেন। ৬ মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) Kripash Ray নামে একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট করা হয়। এই পোস্ট এর জেরে সোমবার সকাল থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে এদিন দুপুরে তাকে স্থানীয় একটি বাজারে স্থানীয়রা অবরুদ্ধ করে রাখলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দৈনিক ইত্তেফাকের একটি ফটোকার্ড শেয়ার করে ওই ফেসবুক পোস্টে লেখা হয়, “তোদের নবীএই সব কাজ করতো ইতিহাস পড়ে দেখ গিয়া। তোদের দাঁড়ী রেখে লাভ কি? আবার সৌদি আরব যাস হজ করতে”
এদিকে অভিযুক্ত কৃপেশ রায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে রোববার দিবাগত রাত ২ টার দিকে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে কৃপেশ উল্লেখ করেন, গত ২৫/১০/২০২৬ইং তারিখ সকাল অনুমান ৯ ঘটিকার সময় আমার বাসায় অবস্থানকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করার সময় দেখিতে পাই যে, অজ্ঞাতনামা বিবাদী/ বিবাদীগণ তাহাদের মোবাইল/ ল্যাপটপ ব্যবহার করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “Kripash Ray” নামীয় ফেইসবুক আইডি যাহার url-https://www.facebook.com/profile.id=61587487106790 হইতে আমার নাম ও ছবি সহ আমার স্ত্রীর সন্তানের ছবি ব্যবহার করিয়া আপত্তিকর ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তবসহ পোষ্ট ও ভিডিও প্রকাশ ও প্রচার করিতেছে। অজ্ঞাতনামা বিবাদী/ বিবাদীগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার নাম ও ছবি সহ আমার স্ত্রী সন্তানের ছবি ব্যবহার করিয়া আপত্তিকর ও সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যসহ পোষ্ট ও ভিডিও প্রকাশ ও প্রচার করায় আমি ও আমার পরিবারের লোকজনের সুনামক্ষুন্ন হইতেছে এবং আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হইতেছি। বিবাদীগণের এহেন আচরণের কারণে আমি ও আমার পরিবারের লোকজন মারাত্মক জানমাল নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
প্রতিবেশীরা জানান, কৃপেশ পুলিশ সদস্য হিসেবে চাকরিরত ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি বাড়িতেই থাকছেন। তবে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন নাকি চাকরিচ্যুত এ বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তাঁরা।
স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায়, সে অনেকসময় নেশা করে। জায়গাজমি নিয়ে আত্মীয়স্বজনদের সাথে তার বিভিন্ন ঝামেলা লেগেই আছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডি B.P. Kripash Ray ঘেটেও নানা উষ্কানীমূলক পোস্ট পাওয়া গেছে।
এবিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, গতরাতে কৃপেশ থানায় এসে জিডি করেন। আমরা জিডিটি দেখতেছি। এটা তো এখনই বলা যাচ্ছে না তার ফেইক আইডি নাকি নিজের ব্যবহৃত আইডি। সিআইডি বা আইটি স্পেশালিষ্টরা এটি খতিয়ে দেখবেন। কিন্তু, এটা দেখার আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে আমরা তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরাও আইটি স্পেশালিষ্ট দিয়ে এটা দেখতেছি। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সে পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। সে বলছে ৬ মাস আগে বাড়ি এসে আর জয়েন করে নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, ঘটনাটি জেনে সেখানে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনা ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।



