সিলেটে বিজিবির ডগ স্কোয়াডের অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন ৫০ পাওয়ারজেল, ৪৮ ডেটোনেটর উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৫:৪৮:১৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৫০টি উচ্চক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। এ অভিযানে বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের সদস্য ডগ ‘মিকি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। উদ্ধার করা বিস্ফোরকগুলো সীমান্ত থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক বহনকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের জন্য সিভিল সোর্স নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বুধবার বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিয়ে এসব তথ্য জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, ৪৮ বিজিবি এর একটি বিশেষ অপারেশন দল এবং আর্মস ও এক্সপ্লোসিভ শনাক্তকরণে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের ডগ মিকিকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা, ফ্লাডলাইট এবং থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের মাধ্যমেও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সংবাদ বিফ্রিংয়ে তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সিলেট ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ১০টি অবৈধ অস্ত্র ও ৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক ও অন্যান্য পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ১৩ জনকে আটক এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টা ১৭ জনকে প্রতিহত করা হয়েছে।
বর্তমানে সিলেট সেক্টরের ৫৬টি বিওপিতে এক হাজার ২০০ জনের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দিনে ৬০ থেকে ৬৫টি এবং রাতে ৭৫ থেকে ৮৫টি টহল পরিচালনার পাশাপাশি প্রতিরাতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে ৪০টি চেকপোস্টও কার্যকর রাখা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সন্দেহজনক ব্যক্তি, অবৈধ সীমান্ত পারাপার কিংবা যেকোনো ধরনের সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।



