সিলেটে শর্ত সাপেক্ষে আটক ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম ছাড়ার নির্দেশ এসএমপির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৩১:৩৫ অপরাহ্ন
সিলেট মহানগর এলাকায় ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা, ইজিবাইক, মিশুক, টমটম) চলাচলের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আটককৃত যানবাহনগুলো শর্ত সাপেক্ষে মালিক ও চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আটকের পর উন্মুক্ত ডাম্পিং গ্রাউন্ডে রাখা হতো। পরবর্তীতে চালক ও মালিকদের অনুরোধ এবং মানবিক দিক বিবেচনা করে গত ৮ নভেম্বর এসএমপি একটি সভার আয়োজন করে। ওই সভায় মহানগর এলাকায় আর ব্যাটারিচালিত যানবাহন না চালানোর শর্তে চলতি বছরের ১ মে থেকে অদ্যাবধি আটককৃত যানবাহনগুলোর মালিক বা চালকদের কিছু নির্দিষ্ট কাগজপত্রসহ এসএমপির ট্রাফিক বিভাগে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
যানবাহন খালাসের জন্য প্রয়োজনীয় কয়েকটি শর্ত প্রদান করা হয়। তা হলো- আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বরসহ আবেদনপত্র; মহানগর এলাকায় ভবিষ্যতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন চালাবেন না মর্মে ১০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা; আটককৃত রেকার স্লিপের মূল কপি; আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ১ কপি এবং অবমুক্তকৃত ব্যাটারিচালিত যানবাহনগুলো (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) সিলেট মেট্রোপলিটন এলাকায় বিক্রয় করা যাবে না মর্মে অঙ্গীকারনামা।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সিটিএসবির উপপুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে যদি সিলেটে পুনরায় অবৈধ ব্যাটারিচালিত কোনো যানবাহন চলাচল করে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



