গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার-৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৬, ১১:১৯:৫৮ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার ইকো রিসোর্টে আওয়ামীলীগের সাবেক এমপির সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি মো. শাহীন আহমদ (৪৪), ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন লিজন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২), এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওমর ফারুক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে বুধবার মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রোববার ওই রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার সভা করে বক্তব্য দেন। এরপর তার এক কর্মীকে ধরার পরে এটার রহস্য উদঘাটন করে পুলিশ এবং স্থান সম্পর্কে জানতে পারে। পরে সেই রিসোর্টে অভিযান চালায় ও বুধবার রাতে মামলা করে পুলিশ।



