সিলেটে ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ২:১০:১৭ অপরাহ্ন
অনলাইন নিউজ : সিলেটে ৬ কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সিলেটের আখালিয়ার ৪৮ বিজিবির সদরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, শুক্রবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পার্শ্বে একটি পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড আটক করে। সকল অভিযানে আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা।
এব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




