বিশ্বম্ভরপুরে নামাজরত ছোট ভাইকে মুগুরের আঘাতে খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৩:০৩:০৪ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিশ্বম্ভরপুরে জমি সংক্রান্ত বিরোধে মসজিদে নামাজরত ছোট ভাইকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে বড় ভাই। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে। উপজেলার পূর্বচরগাও জামে মসজিদে ঢুকে নামাজরত ছোট ভাই মুজিবুর রহমানকে মাথায় মুগুর দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে বড় ভাই মোঃ ফজলুর রহমান। এ সময় মসজিদে নামাজরত মুসল্লীরা গুরুতর আহত অবস্থায় মুজিবুর রহমানকে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক মুজিবুরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরগাঁও গ্রামের কামরু মিয়ার দুই ছেলের মধ্যে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ হয়ে আসছিল।
গত বুধবার এশার নামাজরত অবস্থায় ছোট ভাই মুজিবুর রহমানকে মুগুর দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় বড় ভাই ফজলুর রহমান। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ফজলুর রহমান কে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




