সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে চুরি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৩:৪৫:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে একাডেমির প্রশাসনিক ভবনের তালা ভেঙ্গে চোরেরা নগদ ১ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে যায়। ইতিমধ্যে চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হুডি পড়া দুই যুবক ১১ মার্চ রাত ২ টা ৫৯ মিনিটে শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে প্রবেশ করে। তৃতীয় তলায় অবস্থিত একাউন্টস কক্ষের তালা ভেঙ্গে নির্দিষ্ট ড্রয়ারে রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। দুর্ধর্ষ চুরির এই ঘটনায় বিস্মিত শিল্পকলার কর্মকর্তা কর্মচারীরা।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল বলেন, এমন চুরির ঘটনা দেখে আমরা হতবাক। মনে হচ্ছে, ফিল্মি স্টাইলে এই চুরি হয়েছে। ড্রয়ারে আমাদের কর্মকর্তা কর্মচারীদের ঈদ বোনাস ছিলো, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত টাকা ও হল ভাড়ার টাকা ছিলো। চোর এই টাকা নিয়ে গেছে। আমি সদর থানায় এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়ে আসছি। আমাদের সন্দেহের তালিকায় যাঁরা রয়েছে তাদের নাম পুলিশকে দিয়েছি। আশা করি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমাদের মনে হচ্ছে ঘটনাটি জানাশোনার মধ্যে। তথ্য উপাত্ত অনুযায়ী চোর সনাক্তের কাজ চলমান রয়েছে।




