মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শাবি শিক্ষক সমিতির শোক প্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ১০:৩১:১১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিপুলসংখ্যক শিক্ষার্থী হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।
গতকাল মঙ্গলবার (২২জুলাই) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আলমগীর কবীর সাক্ষরিত এক বিবৃতিতে শোক জ্ঞাপন করেন শাবি শিক্ষক সমিতি।
বিবৃতিতে বলা হয়, “গত ২১ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অনেক মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত ও মর্মাহত। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
বিবৃতিতে আরও বলা হয়, “নিঃসন্দেহে এমন ভয়াবহ দুর্ঘটনা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। শিক্ষাঙ্গনে এমন একটি দুর্ঘটনায় এত বড় সংখ্যায় প্রাণহানি পুরো শিক্ষক সমাজকে বাকরুদ্ধ করে দিয়েছে। নিষ্পাপ, নির্মল, সম্ভাবনাময় শিক্ষার্থীদের এমন করুণ পরিণতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
শাবি শিক্ষক সমিতি রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে। একই সঙ্গে জনবহুল এলাকায় বিমান বাহিনীসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বন্ধ রাখার জন্যও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হলে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়।




