জৈন্তাপুরে বসতঘর থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ৯:৪২:৩৯ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে বসতঘর থেকে সোহাগ মিয়া (২২) নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ মিয়া (২২) উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা হাওড় (গড়েরপার) গ্রামের মৃত চুন্নু মিয়ার পুত্র। পেশায় সে একজন ইজিবাইক চালক এবং ব্যাক্তিগত জীবনে সে অবিবাহিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টার দিকে সোহাগের নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সাথে রসি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন তার ঘরে ডুকলে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ-কে খবর দেয়। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে প্রাপ্ত আলামতের ভিত্তিতে পুলিশের ধারণা করে সে কোন কারণে আত্মহত্যা করে থাকতে পারে এবং রাত সাড়ে ১২টা থেকে সকাল ৯টার মধ্যে কোন এক সময় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে মরদেহের আলামত দেখে বুঝা যাচ্ছে এটি আত্মহত্যা।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। পরে উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সম্মতিক্রমে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




