জৈন্তাপুরে প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ৭:৩৪:৩২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ রোববার (৩ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থার ত্রুটি ও নিরাপত্তা ঘাটতির কারণে তামাবিল রোড (দরবস্ত) সারীঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শাপলা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। এসময় জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম অভিযানে অংশ নেয়। এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটি মুচলেকা নেওয়া হয়েছে।
এছাড়া জৈন্তাপুর বাজার এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি ) ফারজানা আক্তার লাবনী জানান, অভিযানে ১টি মামলা সহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রশাসন এখন থেকে নিয়মিত ভাবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করবে।




