বিদেশে পাঠানোর নামে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ১১:০৭:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ইউরোপে কাজের আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানাধীন কুচাই জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজহার আহমদ (৪২) সিলেটের দক্ষিণ সুরমার কুচাই পশ্চিমপাড়ার জুনেদ আহমদের ছেলে।
র্যাব জানায়, গত ২৮ এপ্রিল সিলেটের দক্ষিণ সুরমা থানায় মোগলাবাজারের কলমদর মিয়া মানবপাচার আইনে ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যেখানে বলা হয়, মামলার সাক্ষী সাহাব উদ্দিন বাদীর পূর্ব পরিচিত হওয়ায় ২০২৩ সালের ৩০ জানুয়ারি বিবাদী তামিম, তার ভাই ও তার শশুরকে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে পরিচয় করিয়ে দেন। তামিমের পর্তুগালে রেষ্টুরেন্টের ব্যবসা রয়েছে এবং তার কিছু শ্রমিক প্রয়োজন বলে জানায়। বিবাদীদের কথায় সন্তুষ্ট হয়ে বাদী তার বেশ কয়েকজন আত্মীয়স্বজনের পাসপোর্ট ও টাকা জমা দেয়। কলমদর মিয়া তামিমের কথা মোতাবেক বিভিন্ন হিসাব নম্বরে এবং অন্যান্য বিবাদীদের মাধ্যমে সর্বমোট ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা তামিমকে দেন। পরবর্তীতে ২০২৪ সালের ১৫ জানুয়ারি বিবাদীরা মোট ১৮ জন ব্যক্তিকে ভারতের দিল্লিতে নিয়ে যায় পর্তুগালের ভিসার জন্য। সেখানে হোটেলে বেশ কিছুদিন রেখে ভিসা কার্যক্রম শেষে দেশে নিয়ে আসে। পরবর্তীতে ওই বছরের ২০ মার্চ কয়েকজন পর্তুগালে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জাল ভিসার জন্য তাদের আটক করে। তারপর বাদী বুঝতে পারেন বাকি সকল ভিসা জাল। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী বিবাদীদের কাছে টাকা ফেরত চাইলে তারা টাকা দিতে তালবাহানা করে ও হত্যার হুমকি দেয়। পরবর্তীতে কলমদর মিয়া এসএমপির দক্ষিণ সুরমা থানায় মানব পাচার এর একটি মামলা দায়ের করেন।
পরে শুক্রবার আনুমানিক বেলা সোয়া ২ টায় এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন কুচাই জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার এজাহার নামীয় ২ নং পলাতক আসামী আজহারকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।




