ডোনা সীমান্তের ওপারে পড়ে আছে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৮:১৮:৫৪ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরো ৫ জন।
আজ শনিবার বেলা চারটায় মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানা গেছে।
নিহত যুবকের নাম আব্দুর রহমান (২৫)। তিনি কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিল মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তারা হলেন- উপজেলার বাঙালি পাড়ার কামাল আহমদের ছেলে সালমান আহমদ (২৭), পূর্ব বড়চাতল গ্রামের বটল মিয়ার ছেলে জামিল আহমদ (২৮), পূর্ব বড়চাতল গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে কবির আহমদ (২৫), দনা রাতাছড়া গ্রামের ছলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮) এবং একই গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাজহারুল ইসলাম (৩৫)।
লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত সীমান্ত থেকে মরদেহ আনার প্রক্রিয়া চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, বিএসএফের গুলিতে নিহত আব্দুর রহমানের লাশ হস্তান্তরের কার্যক্রম চলছে। পুলিশের একটি টিম সেখানে রয়েছে। তারা বিজিবির সঙ্গে কাজ করছে।’




