২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি জকিগঞ্জে বাইচ প্রতিযোগিতায় নিখোঁজ হাসিম আলীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪২:৩৪ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতার সময় সুরমা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া হাসিম আলী (৫০) এখনও উদ্ধার হননি। ঘটনার একদিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় প্রশাসন। এর আগে গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা এলাকার সুরমা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হাসিম আলী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে। তিনি একজন কৃষক এবং এক ছেলে ও চার মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিযোগিতায় অংশ নেওয়া দুটি নৌকার একটিতে ইঞ্জিন ছিল। সেই ইঞ্জিনচালিত নৌকার সৃষ্ট ঢেউয়ের কারণে প্রতিদ্বন্দ্বী নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও হাসিম আলী আর ওঠতে পারেননি। প্রথমে স্থানীয়রা চেষ্টা করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান চালায়, তবে সন্ধ্যা পর্যন্ত কোনো সাফল্য মেলেনি।
স্থানীয়দের অভিযোগ, পানিপূর্ণ নদীতে প্রশাসনের অনুমতি ও তদারকি ছাড়া নৌকা বাইচ আয়োজন অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত ছিল। অতীতেও একই স্থানে নৌকা বাইচে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান তারা।
তারা বলেন, ইঞ্জিনচালিত নৌকার অবাধ চলাচল এবং বিশৃঙ্খল ব্যবস্থাপনাই এই দুর্ঘটনার জন্য দায়ী।
নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, “দুর্ঘটনাটি আমাদের নির্ধারিত বাইচ এলাকার বাইরে ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গেই খোঁজাখুঁজি করেছিলাম, কিন্তু তাকে পাওয়া যায়নি।”
বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য ঈমান উদ্দিন জানান, নিখোঁজ হাসিম আলীর পরিবার চরম উদ্বেগ ও শোকের মধ্যে সময় পার করছে। এলাকাবাসীর একটাই দাবি—তাকে দ্রুত খুঁজে বের করা হোক।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “প্রতিযোগিতার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনোভাবে অবগত করা হয়নি। একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।”
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, “এই প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে কেউ আমাদের কাছ থেকে অনুমতি নেয়নি। পরে বিষয়টি জানার পর আমরা উদ্ধারকাজে সহায়তা করছি। সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও হাসিম আলীর কোনো খোঁজ মেলেনি।”



