ব্যবসা দখল করতে সোহাগকে পিটিয়ে মারেন যুবদল নেতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৮:৪৭:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রাজধানীর মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে এক যুবকের অর্ধমৃত দেহ পড়ে আছে। ৫-৬ যুবক তাঁকে ইট দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করছে। এতেই শেষ নয়। রক্তাক্ত মৃতদেহটি টেনে রাস্তায় নিয়ে শরীরে আঘাত করা হচ্ছে। কেউ কেউ লাফাচ্ছে বুকের ওপর। অর্ধশতাধিক মানুষ এই ভয়ংকর নির্মম ঘটনার দৃশ্য দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দুটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই নৃশংসভাবে খুন করা হয় ওই যুবককে।
মো. সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙারিসামগ্রীর ব্যবসা করতেন। তিনি ও হামলাকারীরা উভয়েই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে এলাকাবাসী জানিয়েছে। স্থানীয় লোকজন ও পরিবার বলছে, ব্যবসার ভাগাভাগি নিয়ে বিরোধ থেকে হত্যা করা হয় মো. সোহাগকে।
প্রকাশ্যে এই নির্মম হত্যার ঘটনা ঘটে গত বুধবার সন্ধ্যায়। নিহত লাল চাঁদ ওরফে মো. সোহাগের বোন মামলা করার পর গত দুই দিনে রাজধানীতে অভিযান চালিয়ে পুলিশ ও র্যাব আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার বিকেলে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সোহাগ মিটফোর্ড রোডের ৪নং রজনী বোস লেনের ভাঙারিপট্টির সোহানা মেটালের মালিক ছিলেন। তিনি পুরোনো অ্যালুমিনিয়াম শিট, তামা, পিতল, দস্তা, সিসাসহ ভাঙারি সামগ্রী কেনাবেচা করেন। এই ব্যবসার ভাগাভাগি নিয়ে পূর্বপরিচিত কয়েকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। তারই মীমাংসা করতে গিয়ে বুধবার বিকেলে সোহাগকে ডেকে নিয়ে খুন করা হয়।
নিহত সোহাগের ভাগনি সাদিয়া আক্তার মীম বলেন, কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকার বাসিন্দা ছিলেন সোহাগ। তিনি অনেক বছর ধরে রজনী বোস লেন এলাকায় ভাঙারি পণ্য বেচাকেনা করতেন। ৪-৫ বছর আগে তিনি নিজে দোকান দেন। ব্যবসা বড় ও লাভজনক হয়ে উঠলে কিছুদিন আগে অর্ধেক ভাগ দাবি করেন স্থানীয় যুবদল নেতা পরিচয় দেওয়া মাহমুদুল হাসান মহিন, কিন্তু সোহাগ তাতে রাজি হননি। এ নিয়ে তাঁকে গত কয়েক দিন হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। হত্যার আগের রাতে তাঁর দোকানে গুলিও করা হয়।
রজনী বোস লেনের ভাঙারিপট্টির অন্য একটি দোকানের কর্মচারীও ব্যবসা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কথা বললেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘সোহাগ অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন। সেই ব্যবসার পার্সেন্টেজের ভাগাভাগি নিয়ে তাঁদের সঙ্গে দ্বন্দ্ব হয়। এ কারণে সোহাগকে খুন করা হয়েছে। দুই পক্ষই বিএনপির রাজনীতি করে।’
স্থানীয় এক দোকানি বলেন, ‘তারা সবাই এখানকার। সোহাগ নিজেও বিএনপির রাজনীতি করত। তার পরিচিত লোকজনই এই হত্যার ঘটনা ঘটিয়েছে। তারা স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।’
এই ঘটনায় ডিএমপির কোতোয়ালি থানায় ১৯ জনের নাম এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম। মামলার এজাহারে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা জানিয়ে বলা হয়, এর জেরে প্রতিপক্ষ সোহাগের গুদামে তালা মেরে দিয়েছিল। বুধবার সন্ধ্যায় তারা অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে ঢুকে সোহাগকে মারতে মারতে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের ভেতরে নিয়ে যায়। বিশদ বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, সেখানে সোহাগকে নানাভাবে আঘাত করে হত্যা করা হয়।
পুলিশ ও র্যাব গত দুই দিনে মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, মনির ও আলমগীর নামের চারজনকে গ্রেপ্তার করেছে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল আদালতের মাধ্যমে মহিনকে পাঁচ দিন ও রবিনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
ডিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পরিবারের সূত্রে জানা গেছে, নিহত মো. সোহাগকে গতকাল বরগুনায় তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।




